ফেনীতে দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিতে নিহত হয়েছেন যুবলীগ নেতা মোহাম্মদ মানিক (২৮)। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর থানার বালিগাঁও ইউনিয়নের ভাঙ্গারপুল এলাকায় এ ঘটনা ঘটে। মানিক ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ননের হকতি গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে এবং বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ সুপার রেজাউল করিম বলেন, দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংর্ঘষের সময় গুলিবিদ্ধ হন মানিক। তাকে উদ্ধার করে প্রথমে নেয়া হয় ফেনী সদর হাসপাতালে। অবস্থার অবনিত ঘটলে স্থানান্তর করা হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার আরো বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে বালিগাঁওয়ের মধুয়াই এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিনের সমর্থক উজ্জল মেম্বারের সঙ্গে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায় নিজাম হাজারীর সমর্থকরা উজ্জলকে মারধর করে। খবর পেয়ে চেয়ারম্যান বাহার উদ্দিনের সমর্থক ও যুবলীগ নেতা মানিক অটোরিকশায় করে ঘটনাস্থলে যান। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়, এতে গুলিবিদ্ধ হন মানিক।
জলা যুবলীগের আহ্বায়ক শুসেন চন্দ্র শীল এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার যুবলীগ নামধারী সন্ত্রাসী মিস্টার ও তার সহযোগীদের দায়ী করেছেন।
