কুষ্টিয়ার মিরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল ইসলাম ওরফে সাগর (২৮) নামে একজন নিহত হয়েছেন। নিহত সাগর দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি হাসুয়া, ১টি শটগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
শুক্রবার প্রথম রোজার সেহরি খাবার আগমুহূর্তে রাত সোয়া ২টায় ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ কাতলামারী ঈদগা নামক এলাকায়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত সড়কে গাছ কেটে ডাকাতির বিষয়টি জানতে পারে স্থানীয় ক্যাম্প পুলিশ। ওই সময় বিষয়টি তাৎক্ষণিক মিরপুর থানায় অবহিত করলে থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ, সেকেন্ড অফিসার এস আই আনোয়ার হোসেন ও এস আই আব্দুল হালিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালাতে চেষ্টা করে। এসময় পুলিশ ডাকাতদের লক্ষ্য করে গুলি ছুড়লে ডাকাতরাও পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় সাগর গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগর বহুল আলোচিত জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার এজাহারভুক্ত ৩নং আসামি বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
