এবার চীন তৈরি করল বৈদ্যুতিক প্লেন। দেশটির শেনইয়াং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ও লিয়াওনিং প্রদেশে অবস্থিত লিয়াওনিং জেনারেল এভিয়েশন একাডেমির যৌথ প্রচেষ্টায় প্লেনটি তৈরি করা হয়েছে। খবর দেশটির একাধিক গণমাধ্যমের।
লিয়াওনিং রুইশিয়াং জেনারেল এভিয়েশন কোম্পানি লিমিটেডকে বৃহস্পতিবার দুটি বৈদ্যুতিক যাত্রীবাহী প্লেন সরবারহ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এই প্লেন দুটিই বিশ্বের প্রথম বৈদ্যুতিক প্লেন। বিএক্স১ই সিরিজের যাত্রীবাহী এই প্লেন দুটি ডানার মোট দৈর্ঘ ১৪.৫ মিটার। ২৩০ কেজি ভারবহনে সক্ষম এই প্লেন ৩ হাজার মিটার উঁচুতে উঠতে পারে।
দুই ঘণ্টার মধ্যে এর ব্যাটারি চার্জ হয় জানিয়ে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে—বর্তমানে প্লেন দুটি একটানা ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা উড়তে পারে। এদের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার।
প্রতিটি প্লেন তৈরিতে এক লাখ ৬৩ হাজার মার্কিন ডলার খরচ পড়েছে বলে জানিয়েছে শেনইয়াং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এগুলো বৈমানিক প্রশিক্ষণ, পর্যটন, আবহাওয়া পর্যবেক্ষণ ও উদ্ধার অভিযানে ব্যবহার করা যাবে বলে জানানো হয়।
