কুমিল্লার চান্দিনায় সন্তোষ সরকার (৫৫) নামে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল নয়টায় হারং দক্ষিণপাড়া এলাকার একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সন্তোষ সরকার ওই গ্রামের আব্দুল্লীপাড় এলাকার যুগেশ সরকারের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
স্থানীয় সূত্রে গেছে, সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখে থানায় খবর দেয়।
নিহতের স্ত্রী শিখা রানী সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সন্তোষ সরকার। এরপর আর বাড়ি ফেরেননি।
এ ব্যাপারে চান্দিনা থানার এস আই মহিউদ্দিন আহমেদ জানান, প্রাথমিক তদন্তে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
