রাজধানীতে ১৮ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ১

আপডেট : ২০ জুন ২০১৫, ১৯:৫৭


রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ১৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন মানের জাল স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় বুলবুল ইসলাম নামে এক ব্যক্তিকে  গ্রেফতার করেছে।
 
সিআইডির সিনিয়র এএসপি রুহুল আমিন জানান, শুক্রবার দারুস সালামের লালকুঠির সি/১২৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে ১৭ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ সময় জাল স্ট্যাম্প তৈরি করে বিক্রির অভিযোগে বুলবুলকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্ট্যাম্পগুলোর মধ্যে জুডিশিয়াল, নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প রয়েছে। বুলবুলের ভাই সৌরভও এই জাল স্ট্যাম্প তৈরি ও বিক্রির সাথে জড়িত। অভিযান চালানোর সময় সৌরভ পালিয়ে যায়।

একই দিন লালকুঠির সি/১৫৮ (প্রথম কলোনী) নম্বর বাসায় অভিযান চালিয়ে ২৬ লাখ ৮৫ হাজার ২০০ টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

এএসপি রুহুল আমিন আরো বলেন, গ্রেফতার বুলবুলের দেয়া তথ্যানুযায়ী আরামবাগের ৮ নম্বর আজিজ প্রিন্টার্স থেকে স্ট্যাম্প তৈরির ডাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় দুটি মামলা করা হয়েছে।