জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, চিকিত্সকদের ভুল চিকিত্সায় এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এরশাদের ক্যান্সার না হলেও তাকে ক্যান্সারের ওষুধ দেন চিকিত্সকরা। সিঙ্গাপুরের চিকিত্সকরা জানিয়েছেন, তার ক্যান্সার হয়নি। ভুল চিকিত্সায় লিভারসহ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
গতকাল রবিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সফরসঙ্গী হিসেবে রংপুরে গিয়ে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মসিউর রহমান রাঙ্গা।
চারদিনের সফরে এখন রংপুরে অবস্থান করছেন এরশাদ। গতকাল দুপুরে হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসে পৌঁছান তিনি। এরপর সেনানিবাস থেকে প্রথমে তার নির্মাণাধীন বাসভবন পল্লী নিবাসে যান। সেখান থেকে নগরীর গ্রান্ড প্যালেস হোটেলে ওঠেন তিনি।
সেখানে জাপা নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন। কিন্তু উপস্থিত সাংবাদিক ও জাপা নেতাকর্মীদের সঙ্গে কোনো কথা না বলে হোটেলে তার নির্ধারিত কক্ষে চলে যান।
জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিযোগ করে বলেন, জাপা চেয়ারম্যান এরশাদ ভুল চিকিত্সার কারণে গুরুতর অসুস্থ হয়েছেন। তার ভুল চিকিত্সা রিপোর্ট দেয়া হয়। ওই রিপোর্টে ক্যান্সারের কথা উল্লেখ করা হয়। সেই মতে তাকে ক্যান্সারের চিকিত্সা দেয়া হয়। ভুল ওষুধ প্রয়োগের ফলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাঁটা-চলা করতে পারতেন না। পরে তাকে সিঙ্গাপুরে নেয়া হলে ভুল চিকিত্সার বিষয়টি ধরা পড়ে। তবে সিঙ্গাপুরে চিকিত্সা নেয়ার পর তিনি এখন অনেকটা সুস্থ। হুইল চেয়ার ছাড়াও চলাফেরা করতে পারেন তিনি।
