কিবরিয়া হত্যা মামলায় অভিযোগ গঠন ৬ জুলাই

আপডেট : ২১ জুন ২০১৫, ১৩:৫৭
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছে আদালত।
 
রবিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির আহমদ পাঠওয়ারী এই তারিখ ঠিক করে দেন।
 
হবিগঞ্জের বিএনপি নেতা ও বরখাস্ত হওয়া পৌর মেয়র জিকে গৌছসহ ২০ জন আসামির উপস্থিতিতে এই দিন রাখেন তিনি।
 
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, এ মামলার অন্যতম আসামি সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার কারণের এদিন আদালতে হাজির করা হয়নি। 
 
অন্য একটি মামলায় হাজিরার দিন থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও সিলেটে আনা হয়নি।
 
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।
 
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।
 
হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।
 
অ্যাডভোকেট কিশোর কুমার জানান, এ মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে আছেন। আর ১৪ জন রয়েছেন কারাগারে। পলাতক আছেন ১০ জন।
 
এদের মধ্যে জামিনে থাকা ৮ জন এবং কারাগারে থাকা ১২ জন রবিবার আদালতে উপস্থিত ছিলেন।