নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উদ্ধার করা গলাকাটা লাশের পরিচয় পাওয়া গেছে। ওই যুবকের ভাই সামসুল হক লাশ সনাক্ত করেন। নিহত যুবকের নাম আমিনুল ইসলাম কালু (২৫)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার আজমত মিয়া ওরফে নাটাই মিয়ার ছেলে। স্ত্রীর পরকীয়ার জেরে তিনি খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। যুবকের পরিচয় পাওয়ার পর রবিবার রাতে স্ত্রী রিক্তা বেগম ও তার প্রেমিক রেজাউল করিম ওরফে পলাশকে গ্রেফতারের পর পরকীয়ার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।
শনিবার সকালে সোনারগাঁওয়ের ব্রহ্মপুত্র নদের তীরে কাফুরদী এলাকা থেকে লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ। নিহতের স্ত্রী ও প্রেমিককে গ্রেফতারের পর গতকাল রবিবার বিকেলে ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের আদালতে প্রেরণ করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আরো ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন জানান, আমিনুল ইসলাম কালু স্ত্রী রিক্তা বেগমের পরকীয়ার বলি হয়েছেন। স্ত্রী রিক্তা বেগম ও তার প্রেমিক রেজাউল করিম ওরফে পলাশকে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারের পর হত্যাকাণ্ডের বিষয়টি স্পষ্ট হয়।
সোনারগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কালু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী ও পরকীয়া প্রেমিককে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া আরো ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
