রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

আপডেট : ২১ জুন ২০১৫, ২১:০১
 
 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রবিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ‘নবরাত্রি’ হলে রাজনীতিবিদদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। এ ইফতারে অংশ নেন বিকল্প ধারার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
 
খালেদা জিয়া বিকাল ৬টা ৩৫ মিনিটে বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত হন। এ সময় তিনি রাজনীতিবিদদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
 
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারি রহমান, ড. মঈন খান, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, কামাল ইবনে ইউসূফ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন,যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এ ছাড়া, ২০ দলের মধ্যে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম বীর প্রতিক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য আব্দুল হালিম, কর্ম পরিষদের সদস্য ডা. রেদোয়ান উল্লাহ সাহেদী, ইসলামী ঐক্যজোটের চেযারম্যান আব্দুল লতিফ নেজামী, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোতুর্জা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, সোমবার একই ভেন্যুতে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে এবং ২৪ জুন কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতার আয়োজন করবেন খালেদা জিয়া।