মোদীর নেতৃত্বে ৩৭ হাজার মানুষের যোগাসন

আপডেট : ২২ জুন ২০১৫, ০১:১৯

ব্যাপক উত্সাহ উদ্দীপনায় ভারতে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গতকাল রবিবার সকালে দিল্লির রাজপথে ৩৭ হাজার মানুষ যোগ অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিটা রাজ্যের রাজধানী, শহর এবং গ্রামে পালিত হয় যোগ দিবস।

 
দিল্লির রাজপথে অনুষ্ঠিত যোগ অনুষ্ঠানে দেয়া ভাষণে মোদী বলেন, সমপ্রীতি এবং শান্তির জন্য শরীর এবং মনকে প্রস্তুত করার জন্য পৃথিবীতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। রাজপথের অনুষ্ঠানে মোদীর যোগে অংশ নেয়ার কথা না থাকলেও পরে তিনি সবার সাথে অংশ নেন। এদিন সাদা পাঞ্জাবি ও সাদা প্যান্ট পরিহিত ছিলেন মোদী। গলায় ছিলো ভারতীয় পতাকার একটি ওড়না। ভারতে ২০ কোটির বেশি মানুষ যোগে অংশ নেন। আর ভারতীয় দূতাবাসের আয়োজনে সারা বিশ্বের ১৯২টি দেশে পালিত হয় যোগ দিবস। রাজপথের যোগ অনুষ্ঠানে অংশ নেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা, নেপালের রাষ্ট্রদূত দ্বীপ কুমার উপাধ্যায়, আফগানিস্তানের রাষ্ট্রদূত সাহিদা মোহাম্মদ আবদালীসহ দিল্লিতে কর্মরত অন্যান্য দেশের কূটনীতিকরা। মার্কিন রাষ্ট্রদূত বলেন, যোগে অংশ নেয়ায় বেশ ভালো লাগছে। রাজপথের যোগ অনুষ্ঠানের খবর সংগ্রহের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদদাতারা উপস্থিত ছিলেন।
 
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সহকারী মুখ্যমন্ত্রী মনিষ সিসোদা, দিল্লির গভর্নর নাজিব জাঙসহ পদস্থ কর্মকর্তারা যোগে অংশ নেন। রাজপথের যোগ অনুষ্ঠান উপলক্ষে পুরো এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। আমন্ত্রিতরাই রাজপথের যোগে অংশ নিতে পেরেছে। যোগ অনুষ্ঠানের জন্য সরকারি স্কুলগুলো থেকে ১০ বছরের শিশুদের বাছাই করা হয়।
 

নিরামিষভোজী নরেন্দ্র মোদী প্রতিদিনই যোগ অভ্যাস করেন। গত বছর ক্ষমতায় আসার পর থেকেই যোগ দিবস পালনের ঘোষণা দেন মোদী। ঐ বছরের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণার দাবি জানান তিনি। এর প্রায় আড়াই মাস পর ডিসেম্বরের ১১ তারিখ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে জাতিসংঘ।