চট্টগ্রামে টানা প্রায় এক পক্ষকাল ভ্যাপসা গরমের পর গতকাল সোমবার সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে জনজীবনে স্বস্তি নেমে আসে। বৃষ্টির সাথে হালকা দমকা হাওয়া গরমে অতিষ্ঠ মানুষের শরীরে শান্তির পরশ বুলিয়ে দেয়।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার ভোর থেকে চট্টগ্রামের আকাশ মেঘে ছেয়ে যায়। কখনো ইলশেগুঁড়ি, কখনো হালকা ধরনের বৃষ্টি সারাদিনই চট্টগ্রামকে থেমে থেমে সিক্ত করে। বৃষ্টির সাথে ছিল হালকা দমকা বাতাস। গতকাল বিকাল ৩টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিসে ৩৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল ছিল। আবহাওয়াবিদরা জানান, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ভারতের উড়িষ্যা উপকূলের কাছে ভূমি স্পর্শ করেছে। এটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আরো দু’একদিন এর প্রভাবে বিভিন্ন স্থানে হালকা, মাঝারি ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৩ নম্বর সতর্ক সংকেত থাকায় চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচলে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। বন্দরের বেতার নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বহির্নোঙরে সমুদ্র উত্তাল রয়েছে। এর মধ্যেই গতকাল চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় ৪টি পণ্যবাহী জাহাজ এবং বন্দরের ভেতরে প্রবেশ করে ৮টি জাহাজ। ঝড়বৃষ্টির মধ্যেই বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে আরো ৫/৬টি পণ্যবাহী জাহাজ।
