কর বাড়াতে প্রয়োজনে কর হার কমানো হবে —এনবিআর চেয়ারম্যান

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০০:৪৩

করের আওতা বাড়াতে প্রয়োজনে করহার কমানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, বহু মানুষ এখনও করের আওতার বাইরে। বিশেষ করে যারা ছোট ব্যবসা করেন তাদের এর আওতায় আনলে কর আদায় বহুগুণে বেড়ে যাবে। পাশাপাশি বর্তমানে বিদ্যমান করহার কমিয়ে হলেও এর আওতা বাড়ানো হবে।

গতকাল রবিবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঢাকা কর অঞ্চল-১ আয়োজিত রাজস্ব নিয়ে এক অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সবাইকে কর প্রদানে উত্সাহিত করতে প্রতিটি ফ্ল্যাট বাসায় আমাদের লোকবল যাবে। কর প্রদানে ভীতি দূর করে কিভাবে করের আওতা বাড়ানো যায় সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। বর্তমানে দেশের মাত্র ২০ ভাগ মানুষ ট্যাক্স রিটার্ন দাখিল করে। সরকার বিশ্বের সব উন্নত দেশের তুলনায় বেশি জনকল্যাণে কাজ করে। অথচ কর দেওয়া মানুষের সংখ্যা কম, যা খুব লজ্জার। তিনি আরো বলেন, কর্মকর্তাদের প্রত্যেককে সত্ হতে হবে। কেউ যদি অন্যায় করে, তাদের ছাড় দেওয়া হবে না। শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত তৈরি করা হবে।

কর অঞ্চল-১ এর কমিশনার নাহার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) কালিপদ হালদার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, রিলায়েন্স ফিন্যান্সের এমডি ড. জালাল উদ্দিন, কাতার এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) জয়প্রকাশ নায়ার।