চট্টগ্রামে জেএসএসের দুই সদস্য গ্রেফতার

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০০:৫৬

নগরীর চান্দগাঁও থানার টেকবাজার এলাকা থেকে গতকাল রবিবার অস্ত্রসহ উপজাতীয় দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, চিররতি চাকমা (২৩) ও মিন্টু চাকমা (২৭)। তারা সন্তু লারমার গ্রুপের অনুসারী বলে পুলিশ জানিয়েছে। এদের মধ্যে চিররতি রাঙামাটি সদর ও মিন্টু খাগড়াছড়ি গুইমারা এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতরা চট্টগ্রাম থেকে সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান বলেন, ‘তারা টেকবাজার এলাকায় একটি বাসায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি পিস্তল ও পাঁচ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা চট্টগ্রাম থেকে সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি রাতে বায়েজিদ বোস্তামী থানার ড্রাইভার কলোনি এলাকায় একটি আটোরিকশা তল্লাশি করে দুইটি এলজি ও দুই রাইন্ড কার্তুজসহ পলাশ কুসুম চাকমা ও ইন্দ্ররাজ চাকমা নামে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। তারাও পাহাড়ি সংগঠন জেএসএসের (এমএন লারমা) কর্মী বলে দাবি করেছিলেন।