জেলার কাপাসিয়া উপজেলায় কৃষি ব্যাংকের খিরাটি শাখায় মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে। তবে ডাকাতরা ভোল্ট ভাঙ্গার ব্যর্থ চেষ্টা করে ব্যাংকের মূল্যবান মেশিনপত্র লুট করে নেয়। এ সময় ডাকাতদল একই ভবনের কয়েকটি বাসায় ডাকাতি করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ২০/২৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল উপজেলার সীমান্তবর্তী ও নরসিংদীর মনোহরদী সংলগ্ন খিড়াটি বাজারে একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের কলাপসিবল গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। ডাকাতদল ভিতরে অবস্থানরত নিরাপত্তা প্রহরী জিয়া উদ্দিনকে বেঁধে ভোল্ট ভাঙ্গার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে ডাকাতদল দুটি কম্পিউটারের সিপিউ, একটি স্ক্যানার মেশিন লুট করে নিয়ে যায়। পরে তারা একই ভবনের নিচ তলায় ব্যাংকের ম্যানেজার ভূপতি রঞ্জন দাসের বাসা, ভবনের মালিক ও সাবেক সংসদ সদস্য ডা. ছানাউল্লাহর বাসা এবং ইস্পাহানী চা কোম্পানির স্থানীয় কার্যালয়ে হানা দেয়। ডাকাতদল তাদের বেঁধে মারধর করে লক্ষাধিক টাকা, একটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
পুলিশ রাতেই ব্যাংকের লুট হওয়া কম্পিউটারের একটি সিপিও পার্শ্ববর্তী নদী থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নরসিংদীর হেকিমদি গ্রামের রুবেল মৃধাকে আটক করেছে।
কৃষি ব্যাংকের গাজীপুর অঞ্চলের জিএম ড. লিয়াকত আলী মোড়ল, ডিজিএম সুবাস চন্দ্র বম্মর্ণ, ডিজিএম মো. সেলিম মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
