খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রী সারাহা ফারগুশান তন্বী (২৩) হত্যা মামলায় স্বামী সোহেল বিশ্বাসের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তন্বী সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাসের পুত্রবধূ।
বৃহস্পতিবার খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালত শুনানি শেষেএ রিমান্ড মঞ্জুর করেন। অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মামলাটি তদন্ত করছে। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনা ইউনিট।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র ইন্সপেক্টর মো. শাজাহান জানান, সোহেল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৪ জুন আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আগামী শনিবার অথবা রবিবার কারাগার থেকে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
বাদী পক্ষে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, এর আগে গত ২৩ জুন মহানগর দায়রা জজ আদালতে সোহেল বিশ্বাসের জামিন নামঞ্জুর হয়। এ সময় মানবাধিকার সংগঠনের পক্ষে আইনি লড়াই করায় আসামি পক্ষের একজন আইনজীবী তার ওপর চড়াও হন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাতে সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসের নগরীর নূর নগরের বাসভবনে তার পুত্রবধূ সারাহা ফারগুশান তন্বীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় গত ১২ এপ্রিল তন্বীর মা শামিমা আখতার খুলনার মুখ্য মহানগর হাকিম আমলী আদালত ‘গ’ অঞ্চলে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোহেল বিশ্বাস ও ননদ ইতি বিশ্বাসের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে অভিযুক্ত করা হয়। আদালতের নির্দেশে নগরীর খালিশপুর থানায় অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়। মামলাটি গত ৪ জুন আদালতের নির্দেশে খালিশপুর থানা থেকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
