ঈদে লঞ্চে প্রথম শ্রেণির কেবিনের টিকিট বুকিং এর জন্য ৩০ জুন থেকে লঞ্চের কাউন্টারে চাহিদাপত্র জমা নেয়া হবে। ২ জুলাই পর্যন্ত ডাবল ডেকার লঞ্চের কাউন্টারে টিকিট বুকিংয়ের জন্য চাহিদাপত্র জমা দেয়া যাবে। ঢাকা ও বরিশাল নৌ-বন্দর ছাড়াও বেসরকারি লঞ্চ কোম্পানির কাউন্টারগুলোতে ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট প্রদানের জন্য গতকাল বৃহস্পতিবার নোটিস টানানো হয়েছে। ২০ রোজার পর থেকে লঞ্চের আগাম টিকিট বিক্রির চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন একাধিক লঞ্চ মালিক।
বিআইডব্লিউটিসি’র উপ-পরিচালক গোপাল কৃষ্ণ মজুমদার জানান, তাদের জাহাজগুলো নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামত করে ত্রুটিমুক্ত করা শেষ পর্যায়ে। সংস্থার স্টিমার সার্ভিসে এবার এমভি মধুমতি যুক্ত হবে এবং তারা প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা, বরিশাল, চাঁদপুর, মোড়েলগঞ্জ রুটে জাহাজের স্পেশাল সার্ভিসের বাইরে অভ্যন্তরীণ রুটগুলোতে সী-ট্রাকের মাধ্যমে স্পেশাল সার্ভিসে যাত্রী পরিবহন করবেন। একই সাথে সংস্থার ফেরিগুলো অতিরিক্ত ট্রিপ দিবে। এ মর্মে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেয়া হয়েছে বলে তিনি ইত্তেফাককে জানান।
