বোয়ালখালীতে খালে ডুবে থাকা তেলবাহী ওয়াগন উদ্ধারের সময় ঢাকনা খুলে গেলে প্রচুর পরিমাণ ফার্নেস অয়েল পানিতে পড়ে যায়। পরে উদ্ধার কার্যক্রম বন্ধ রেখে ডুবুরির মাধ্যমে ওয়াগনের ঢাকনা বন্ধ করে দেয়া হয়। এ সময় ভাসমান তেল অপসারণের জন্য চট্টগ্রাম বন্দর থেকে আরো ২টি অয়েল বুম উদ্ধার কাজে যুক্ত করা হয়েছে।
উদ্ধার কার্যক্রম সম্পর্কে রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক ইত্তেফাককে বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে আরো ৩/৪ দিন সময় লাগবে। আমরা চেষ্টা করে যাচ্ছি।’ উদ্ধার কার্যক্রম সম্পর্কে বৃহস্পতিবার রেলওয়ে থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলওয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রতিনিয়ত উদ্ধার কাজ পর্যবেক্ষণ করছেন। দুর্গম এলাকা এবং মুষলধারে বৃষ্টির কারণে উদ্ধার কার্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও গত ২৪ জুন ব্রিজটি মেরামত করা হয়। ট্রেন চলাচল স্বাভাবিক করার নিমিত্তে সংশ্লিষ্ট সকল বিভাগের সর্বাত্মক প্রচেষ্টা চলমান রয়েছে। ফার্নেস অয়েল যাতে খালের পানিতে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল দূর করে পরিবেশ স্বাভাবিক রাখতে রেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
