খুলনায় এটিএম বুথে ডাকাতির চেষ্টায় আটক ৩

আপডেট : ২৬ জুন ২০১৫, ১৪:২৯
শুক্রবার সকালে খুলনায় ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে ডাকাতির চেষ্টাকালে পুলিশ তিনজনকে আটক করেছে। এদের নাম আল আমিন (৩০), মোহন মন্ডল (৩৫) ও আব্দুস সবুর (৪৫)। মহানগরীর প্রাণকেন্দ্র রয়েল মোড়ে এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রুপ ফোরের (জি-৪ এস) পরিচয় দিয়ে তিনজন 
‌ব্যক্তি কাজ করার কথা বলে এটিএম বুথে প্রবেশ করে সিকিউরিটি গার্ড রবিউল ইসলামকে সাটার টানতে বলে। রবিউলের সন্দেহ হওয়ায় তিনি তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান। তারা পরিচয়পত্র না দেখিয়ে রবিউলকে মারধর করে এবং সাটার টেনে দেয়। এক পর্যায়ে রবিউলের চেচামেচি টের পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদের হাতে-নাতে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় ওই তিনজনের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। 
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল বলে মনে হচ্ছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।