সাদুল্লাপুরে জমি নিয়ে দ্বন্দ্বে পল্লী চিকিৎসক খুন

আপডেট : ২৭ জুন ২০১৫, ১৯:৪৭


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমাজমি নিয়ে দ্বন্দ্বে অনীল চন্দ্র সরকার ওরফে মংলু নামে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের জল্লাদুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অনীল চন্দ্র ঐ গ্রামের মহেন্দ চন্দ্র সরকারের ছেলে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মালেকা বেগম (৫৫) ও সুরকী বেগম (২৮) নামে দুইজনকে আটক করেছে।

আহতদের মধ্যে অজিত কুমার সরকার ভুট্টুকে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুমন চন্দ্র সরকার (৪৮), সঞ্জয় কুমার সরকার (১৮), লিটন কুমার সরকার (২০) ও সুশান্ত কুমার সরকারকে (৩৫) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমকপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাদুল্লাপুর থানা ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে মংলু ডাক্তারের সাথে একই গ্রামের আকবর আলীর ছেলে সিদ্দিক আলীর বিরোধ চলে আসছিল। সম্প্রতি ঐ জমিতে নিহত মংলু ডাক্তার ঘর নির্মাণ শুরু করলে দুই পক্ষের মধ্যে সমঝোতার জন্য একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু তারপরও বিষয়টির কোন সমাধান হয় নাই। ঘটনার দিন সকালে শনিবার সকালে সিদ্দিক আলী ও তার লোকজনও ঐ জমিতে ঘর নির্মাণ করতে যায়। খবর পেয়ে অনীল চন্দ্র সরকার ও তার লোকজন ঘর নির্মাণে বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। লাঠির আঘাতে অনীল চন্দ্র সরকার ওরফে মংলু ঘটনাস্থলে মারা যান এবং পাঁচ জন আহত হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।