কুমিল্লার চান্দিনায় ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেলসহ ওয়াকিলুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১।
শনিবার দিনগত রাত পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মৎস্য খামারের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
ওয়াকিলুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার শান্তিবাগ এলাকার মবিনুর রহমানের ছেলে।
চান্দিনা থানা পুলিশ জানান, র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর টহলটিম গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে তাকে চান্দিনা মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে থেকে আটক করে। এসময় তার সাথে থাকা একটি রেক্সিনের বস্তা থেকে ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল উদ্ধার করে।
পরদিন রবিবার সকাল ৯টায় র্যাব-১১ এর ডিএডি মনিরুজ্জামান বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) নূরুল ইসলাম জানান, আটক যুবক ওয়াকিলুর নাশকতার উদ্দেশ্যেই মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিতিত্তে র্যাব সদস্যরা তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আমরা আরও তথ্য উদঘাটনের জন্য আদালতে রিমান্ডের আবেদন করে তাকে আদালতে নিয়ে যাচ্ছি।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, আটক যুবক কোন শিবির কর্মী কি-না তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আরও বিস্তারিত বেরিয়ে আসবে।
পেট্রোল বোমা ও ককটেল এর ছবি সম্পর্কে জানতে চাইলে পুলিশ কোন সদুত্তর দিতে পারেনি এবং আসামির ছবি তোলতে গেলে বাধা প্রদান করে। বেলা পৌঁনে ১২টায় আসামিকে আদালতে নেয়ার পথে ক্যামেরা নিয়ে সামনে গেলে আসামি তার ছবি তুলতে অসম্মতি জানায় এবং দ্রুত গাড়িতে উঠে যায়।
