কিবরিয়া হত্যাকাণ্ড

বিস্ফোরক মামলায় মেয়র আরিফের জামিন নামঞ্জুর

আপডেট : ২৮ জুন ২০১৫, ১৫:২৮
 
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ এই আদেশ দেন।
 
আদালত সূত্রে জানা যায়, কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আটক আরিফুল হক চৌধুরীর আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।
 
শুনানিকালে আইনজীবী আদালতকে জানান. আরিফুল হক চৌধুরী কারাগারে যাওয়ার পর থেকেই অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি তখন থেকেই হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আছেন।
 
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ, আব্দুল হাই, নূরুল ইসলামসহ বিএনপিপন্থি আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি আকবর হোসেন জিতু।
 
উল্লেখ্য, কিবরিয়া হত্যা মামলায় সর্বশেষ চার্জশিটে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) জি কে গউছসহ নতুন ১১ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৩৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে একজন মারা যাওয়ায় এবং আরো দুইজনের নাম ঠিকানা সঠিক না পাওয়ায় তাদেরকে চার্জশিট থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বাকি ৩২ জনের মধ্যে ১৫ জন কারাগারে, হারিছ চৌধুরীসহ নয়জন পলাতক ও আটজন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
 
এই মামলায় গত বছরের ২৮ ডিসেম্বর জি কে গউছ এবং ৩১ ডিসেম্বর আরিফুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে প্রেরণ করা হয়। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। একই ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলাটি উচ্চ আদালতের নির্দেশে অধিকতর তদন্ত চলছে।