চট্টগ্রামে তেলের ড্রামে কোকেন: গ্রেফতার ২

আপডেট : ৩০ জুন ২০১৫, ১৬:৪৪
 
চট্টগ্রাম বন্দরে কোকেনের চালান জব্দ করার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
 
গত ৮ জুন চট্টগ্রাম বন্দরের সিসিটি ইয়ার্ডে সূর্যমুখী তেল নামে আমদানি করা তরলের কন্টেইনার আটক করা হয়। বলিভিয়া থেকে আমদানি করা এই কন্টেইনারে ১০৭টি ড্রাম ছিল; যার প্রতিটির ওজন ১৮৫ কেজি। এসব ড্রামে তরল কোকেন রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে কন্টেইনারটি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অবশ্য আটক কন্টেইনার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর প্রাথমিকভাবে সেখানে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়নি বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে তখন বলা হয়। পরবর্তীতে ১০৭টি ড্রাম থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়।
 
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পৃথক পরীক্ষায় কোকেনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।