খুলনায় সুইসাইড নোট লিখে কলেজ শিক্ষিকার ‘আত্মহত্যা’

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১১:৪৩

 

খুলনা নগরীর বয়রা এলাকায় ইস্মিতা মণ্ডল (৩১) নামে এক কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালের পার্শ্ববর্তী ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

 

নিহত ইস্মিতা মণ্ডল খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষকা ছিলেন। তিনি বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা গ্রামের অশ্মিনী মণ্ডলের মেয়ে।

 

জানা গেছে, একই ভাড়া বাড়িতে থাকেন তার বোন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স সুস্মিতা মণ্ডল। সোমবার রাত আটটার দিকে সুস্মিতা বাসায় ফিরে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে আশপাশের লোকজনের উপস্থিতিতে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইস্মিতার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

 

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক বলেন, ধারণা করা হচ্ছে ইস্মিতা আত্মহত্যা করেছেন। তার লাশের কাছে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার পোস্টমর্টেম করো না। আমার লাশের যে অঙ্গগুলো কাজে লাগে তা আমি ২৫০ বেড হাসপাতালে দান করে গেলাম। আমার টাকা পয়সাগুলো মাকে দিয়ে গেলাম। তার ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নেই। ইতি তোমার অবাধ্য মেয়ে। বি দ্রঃ শান্ত মাথায় মৃত্যুর পথ বেছে নিলাম। সবাইকে ক্ষমা করে গেলাম।’

 

এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম