মাগুরায় পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১২:২৪
মাগুরায় পৃথক ঘটনায় দুইজন নিহতের খবর পাওয়া গেছে। সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত ও শালিখা উপজেলার পিয়ারপুর মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে এসব ঘটনা ঘটে।
 
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় কার্ভাড ভ্যানের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত রবিনের বাড়ি মাগুরার শালিখা উপজেলার সীমাখালি গ্রামে।
 
শুক্রবার সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বেলনগর এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় আহত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন এই ট্রাকের চালকের সহকারী। আরেকজনের পরিচয় জানা যায় নি।
 
মাগুরা হাইওয়ে পুলিশের  উপ পরির্শক (এসআই) রশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
 
অন্যদিকে, মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর মাঠ থেকে হাত ও চোখ বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার সকালে উদ্ধার হওয়া ওই ব্যক্তির মৃতদেহে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।
 
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, স্থানীয়দের সংবাদে পুলিশ সকাল সাড়ে ৮ টা দিকে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটির হাত ও চোখ বাঁধার পাশাপাশি শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
 
নিহতের পরিচয় ও হত্যাকরীদের চিহ্নিত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।