বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে মসজিদ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অস্থায় দেখা গেছে।
এর আগে প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার করা না হলে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল হেফাজতে ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট এবং দক্ষিণ গেট এলাকা ও পুরানা পল্টনে পুলিশের অবস্থান করতে দেখা যায়।
এ ছাড়াও দৈনিক বাংলার মোড় এলাকাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এসআই শফিক জানান, জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সে জন্য সতর্ক রয়েছে পুলিশ।
