রাজধানীর উত্তরায় চলন্ত মাইক্রোবাসে অন্তঃসত্ত্বা তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগের ঘটনায় গ্রেফতার দুই জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন-জাহিদুল ইসলাম ও রুবেল। গতকাল শুক্রবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চেয়ে আদালতে হাজির করে পুলিশ। আদালত রিমান্ড মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার গভীর রাতে উত্তরা-৪ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানার ওসি আবু বকর মিয়া বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল ও রুবেল তরুণীকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে চেয়ে গতকাল তাদের আদালতে হাজির করা হয়। তবে অভিযুক্ত দুইজনই ধরা পড়ায় তাদের রিমান্ডে নেয়ার অনুমতি দেননি আদালত।
ওসি দাবি করেন, পুলিশের তত্পরতায় বড় ধরনের ‘দুর্ঘটনা’র হাত থেকে রক্ষা পেয়েছেন তরুণী। ধর্ষণ চেষ্টার সময় উত্তরা-৪ নম্বর সেক্টরে টহল পুলিশ মাইক্রোবাসটি থামায়। এ সময় তরুণী পুলিশকে ঘটনা খুলে বলেন। দুই যুবককে গ্রেফতার করা হয়। সন্দেহের বশে পুলিশ মাইক্রোবাস না থামালে হয়তো সহজ-সরল তরুণী ধর্ষণের শিকার হতেন।
