নান্দাইলে একই পরিবারের চারজনসহ নিহত ৫

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১১:৫৮
ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় প্রতিপক্ষের আরও একজন নিহত হয়।
 
নান্দাইল থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাশাটি গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ওই গ্রামের বেলাল হোসেন (৫০) এবং তার তিন ছেলে ফরিদ (২৫), হিমেল (১৪) ও পাভেল (১০)।
 
জানা গেছে, বড় ভাই লাল মিয়ার সঙ্গে বেলালের জমি নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে লাল মিয়া লোকজন নিয়ে বেলালের বাড়িতে হামলা চালায়। এসময় তাকে ও তার তিন ছেলেকে কুপিয়ে হত্যা করে তারা।
 
অপরদিকে, বেলালের প্রতিপক্ষ লাল মিয়ার ছেলে জামাল উদ্দিনের (২৬) তার লাশ পাওয়া গেছে পাশের লংপুর গ্রামে একটি খালের পাড়ে। তার শরীরে অবশ্য ক্ষতের চিহ্ন দেখতে পায় নি এলাকাবাসী। জামাল ওই পরিবারের চারজনকে হত্যার সাথে জড়িত রয়েছে বলেও এলাকাবাসী জানায়।
 
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের মৃতদেহ উদ্ধার করে।