পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের একটি ধান ক্ষেত থেকে শনিবার দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম শামীম মোল্লা (৩৫)। তিনি উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের গিয়াস উদ্দিন মোল্লা ওরফে গয়েশ মোল্লার ছেলে।
শনিবার সকালে কৃষি শ্রমিকরা বিলের মধ্যে শামীমের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
শামীমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে ইউপি সদস্য মুকুল হোসেনসহ প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানিয়েছেন।
নিহতের স্বজনদের দাবি, শামীমের সাথে তার স্ত্রীর পৌর এলাকার ছোট শালিখা মহল্লার আঃ করিম ভাংড়ীর মেয়ে বিথীর সাথে বনিবনা না হওয়ায় প্রায় ৩ মাস আগে স্ত্রী তাকে ফেলে ঢাকায় গার্মেন্টস-এ চলে যায়। সে শ্বশুরবাড়ি যাবার কথা বলে শুক্রবার বাড়ি থেকে বের হয়।
চাটমোহর থানার ওসি সুব্রত সরকার বলেন, প্রাথমিকভাবে এটা বিষপানে আত্মহত্যা বলে মনে হচ্ছে। রাতে মারা যাওায় পানির মধ্যে থেকে লাশ ফুলে গেছে। টানা হেঁচড়ায় শরীরে চিহ্ন হয়েছে। তবে ময়না তদন্ত প্রকৃত কারণ জানা যাবে। থানায় ইউডি মামলা হয়েছে।
