বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক গতিশীল, বহুমুখী এবং অপরিহার্য।’
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৩৯তম বার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মার্কিন দূতাবাসের পাঠানো ওই বিবৃতিতে বার্নিকাট বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বসবাস করছে। এদের অনেকে লেখাপড়া করছে। কেউ ব্যবসা করছে। কেউ চাকরি করছে। বাংলাদেশেও অনেক মার্কিন নাগরিক বাস করছে। তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। দুই দেশের জনগণই আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
বার্নিকাট বলেন, ‘২৩৯ বছর আগে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা হয়েছিল সব মানুষই সমান এই বিশ্বাসের ওপর ভিত্তি করে। এই মূল্যবোধ লাখো আমেরিকানদের জন্য এখন পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়ে চলেছে। যদিও সময়ের সাথে ধীরে ধীরে আমাদের বিশ্বাস বিকশিত হয়েছে, যাতে করে আমরা আমেরিকান জনগণকে বৈচিত্র্যপূর্ণ করে তুলতে পেরেছি। আমরা বিশ্বাস করি—সব পুরুষ-নারীকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে। আমাদের গণতন্ত্র সব সময় তাদের স্বীকৃতি দিচ্ছে এবং স্বার্থ সংরক্ষণ করছে।’
তিনি বলেন, ‘এই বিশ্বাসগুলো অন্য অনেক বিশ্বাসের মতো, শুধু একা আমেরিকার জন্য অনন্য নয়। বাংলাদেশেরও দৃঢ় গণতান্ত্রিক ভিত্তি এবং সংবিধান রয়েছে, যা ব্যক্তি অধিকার রক্ষা করে। এটার কারণ হচ্ছে—আমাদের সম্মিলিত মূল্যবোধ যার কারণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এতটা উজ্জীবিত, বহুমুখী এবং অপরিহার্য।’
প্রসঙ্গত, শনিবার ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস।
