গোপালগঞ্জের অভি সিকদার হত্যা মামলার আসামী মোল্লাহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রাসেল শরীফকে পুলিশ গ্রেফতার করেছে। রাসেল বাগেরহাটের মোল্লাহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।
শনিবার বিকেলে সেখান থেকে গোপালগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বাড়ি নড়াইল জেলার পওহরডাঙ্গা গ্রামে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি শহরের সোনাকুড় এলাকার নান্নু সিকদারের ছেলে অভি সিকদার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৩১ জানুয়ারি নড়াইল জেলার জলডাঙ্গা বিলের মধ্যে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই তরিকুল ইসলাম সিকদার বাদী হয়ে ৭ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী তরিকুল ইসলাম সিকদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন অভিকে হত্যা করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা এজিএমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
