‘ঢাকাসহ সারা দেশে মাদকের ছড়াছড়ি’

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ২১:৩৬
 
 
ঢাকাসহ সারা দেশে মাদকের ছড়াছড়ি নিয়ে রবিবার জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) কাজী ফিরোজ রশীদ। পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এই ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
 
ফিরোজ রশীদ বলেন, ‘বতর্মানে মাদকাসক্তি এমন পর্যায়ে চলে গেছে যে, মাদক নিয়ন্ত্রণে মাদক অধিদফতর সম্পূর্ণভাবে ব্যর্থ। পুলিশ সদস্যও এসব ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে। এখনই কঠিন পদক্ষেপ নিতে হবে।  শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামের অত্যন্ত ক্ষুদ্র বাজারেও হাত বাড়ালেই মাদক মিলছে। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজায় সর্বত্র সয়লাব।’
 
কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আমরা সংসদে অনেকে অনেক কথা বলি। কিন্তু এ সব কথায় কোনো কাজ হয় না।’
 
ফিরোজ রশীদ আরে বলেন, ‘মাদকসেবীদের জ্বালায় শহরাঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর কবলে পড়ে কোথায় চলে যাচ্ছে, তা চিন্তা করাও অকল্পনীয়। সামনে ঈদ। নারীরা মার্কেটে গিয়ে এ সব মাদক সেবনকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ফুটপাত, বাজার সবখানেই মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন। ঢাকা শহরের ৪০০ থেকে ৫০০ ভাসমান মাদকা বিক্রিকেন্দ্র তুলে দিলেই এর সমাধান হবে।’