রনির অস্ত্রের লাইসেন্স বাতিলে চিঠি দিয়েছে ডিবি

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১১:৪৬
বখতিয়ার আলম রনির ব্যবহৃত দুইটি অস্ত্রের লাইসেন্স বাতিলের বিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি চিঠি দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 
সোমবার সকালে ডিবি পুলিশের পক্ষ থেকে ডাকযোগে চিঠিটি পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসঅাই) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, রনির দুইটি অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন সোমবার সকালে ডাকযোগে ঢাকা জেলা প্রশাসেকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
 
হত্যাকাণ্ডে একটি পিস্তল ব্যবহৃত হলেও দুইটি অস্ত্রের লাইসেন্স কেন বাতিলের আবেদন করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, হত্যাকাণ্ডে একটি অস্ত্রের ব্যবহার হলেও তিনি অস্ত্র ব্যবহার করার উপযুক্ত ব্যক্তি নন। কারণ তিনি মাদকাসক্ত ও উশৃঙ্খল প্রকৃতির লোক। তাই তার অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়াটা সমীচীন।
 
গত ১৩ এপ্রিল পহেলা বৈশাখের অাগের দিন গভীর রাতে রাজধানীর ইস্কাটনে এলোপাতাড়ি গুলি করে দুইজনকে হত্যার দায়ে বর্তমানে কারাগারে অাছেন রনি।
 
মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি।