নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম গ্রামে মাছ কেনা নিয়ে সংঘর্ষে আহত নায়েব আলী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নায়েব আলীর বাড়ি গোপালাশ্রম গ্রামে।
স্থানীয় বাজারে মাছ কেনার আধিপত্যকে কেন্দ্র করে গত শনিবার সকালে গোপালাশ্রম গ্রামের ফারদিল মিয়া ও একই গ্রামের ওয়াহিদ মিয়ার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নায়েব আলীসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় নায়েব আলীকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সোমবার সকালে সেখানেই তিনি মারা যান।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব- নায়েব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
