অবকাঠামো উন্নয়নে সরকারের বরাদ্দ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২০:৫৭

ইত্তেফাক রিপোর্ট

দেশে বিনিয়োগ বাড়াতে অবকাঠামো উন্নয়ন জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। এ জন্য অবকাঠামোখাতের উন্নয়নে বাস্তব পরিকল্পনা গ্রহণ ও বরাদ্দ আরো বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। গতকাল সোমবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাত্ করে এ দাবি তুলে ধরেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতারা। সংগঠনের সভাপতি ওসামা তাসীর ওই সভায় ডিসিসিআইয়ের পক্ষে নেতৃত্ব দেন। এ সময় ডিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে অবকাঠামো খাতে বরাদ্দ জিডিপির ৩ দশমিক ৬৪ শতাংশ। এটি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করা আবশ্যক।

এছাড়া বড় প্রকল্পগুলোর কাজের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারি ও বেসরকারি খাতের অংশগ্রহণে ‘ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং অ্যাডভাইজরি অথরিটি বা নিডমা নামে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়। পায়রা গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি মহেশখালী গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং সমুদ্রভিত্তিক পরিবহন ব্যয় হ্রাসে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের আহবানও জানায় ডিসিসিআই।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বৃহত্ প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য কাজ করছে। তিনি বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকার লক্ষ্যে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য কারিগরি শিক্ষার প্রসার এবং এ খাতে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসিসিআই সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক হোসেন এ সিকদার, রাশেদুল করিম মুন্না, দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী প্রমুখ।