যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধের গতি আরও বাড়ানো হচ্ছে। তবে সিরিয়ায় নতুন করে কোনো সেনা পাঠানো হবে না। দেশটির মডারেট বিরোধী দলগুলোকে সামরিক সাহায্য দেয়ার পরিধি আরও বাড়ানো হবে।
তিনি বলেন, যেসব তেল ও গ্যাসক্ষেত্র দখল করে তা থেকে আর্থিক সুবিধা নিয়ে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে আইএস, সেসব স্থানে আমাদের হামলা অব্যাহত থাকবে।
সোমবার মার্কিন সামরিক সদরদপ্তর পেন্টাগনে এক অনুষ্ঠানে ওবামা এ কথা বলেন।
বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
ওবামা বলেন, সিরিয়ার মাটিতে আইএসকে পরাজিত করতে সেখানে একটি সক্রিয় অংশীদার দরকার।
কুর্দি বাহিনীর কাছ থেকে আইন ইসা শহর আইএস আবারও দখল করে নেয়ার পর প্রেসিডেন্ট ওবামা এ ঘোষণা দিলেন। এ ছাড়া সম্প্রতি বড় ধরনের কয়েকটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। হামলার নিশানায় আছে আইএসের দখল করা এলাকার রাজধানী রাকা।
