খুলনায় দুই লাখ টাকা মূল্যের ৭০ গ্রাম ওজনের হেরোইনসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম আলামিন সরদার (২৭)। সোমবার রাতে ফুলতলার রুদাঘরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী জানান, গোপন খবরের ভিত্তিতে ক্রেতা পরিচয়ে তিনি হেরোইন ব্যবসায়ী মুরাদ গাজীর সঙ্গে যোগাযোগ করেন। ৭০ গ্রাম হেরোইন পেতে তিনি ২ লাখ টাকার চুক্তিতে যান। এ অনুযায়ী সোমবার দুপুরে ফুলতলা বাসস্ট্যান্ডে মুরাদের ব্যবসায়িক অংশীদার আলামিনের হাতে অগ্রিম ৫০ হাজার টাকা দেয়া হয়। টাকা নিয়ে আলামিন হেরোইন আনতে রুদাঘরা গ্রামে মুরাদের বাড়িতে যান। পুলিশ কৌশলে আলামিনকে অনুসরণ করলে মুরাদ বিষয়টি টের পেয়ে সটকে পড়েন। পরে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে হেরোইনসহ আলামিনকে আটক করে।
ফুলতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
