জাফরুল্লাহর আদালত অবমাননা-বিষয়ক রায় রবিবার

আপডেট : ০৭ জুলাই ২০১৫, ১৮:৩৮
 
 
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ফের করা আদালত অবমাননার অভিযোগের আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ১২ জুলাই রবিবার এ বিষয়ে আদেশ দেয়া হবে। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করে।
 
ট্রাইব্যুনাল-২ নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সোমবার আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন করেন তিন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন। তারা হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর ও শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফ এম শাহীন।
 
ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ ও আবেদনকারী মনোরঞ্জন ঘোষাল।
 
শুনানিতে মনোরঞ্জন ঘোষাল বলেন—গত ১০ জুন আদালত থেকে বেরিয়ে আসার পর জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমের সামনে ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেন। তিনজন বিচারপতি ও আদালত সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, তা আদালত অবমাননার শামিল। ডা. জাফরুল্লাহর মন্তব্য আদালতের সম্মান ও ভাবমর্যাদা ক্ষুণ্ন্ন করেছে।
 
এ নিয়ে তৃতীয়বারের মতো জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলো। শুনানি শেষে অভিযোগ আনার বিষয়ে রবিবার আদেশের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
 
প্রসঙ্গত, ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার দায়ে সাজা দেয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে ‘এজলাসে দাঁড়িয়ে থাকা’ এক ঘণ্টার দণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড সাজা দেন ট্রাইব্যুনাল-২। এরপর আদালত থেকে বেরিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
 
এর আগে বেসরকারী টিভি চ্যানেল চ্যানেল-২৪ এ ‘মুক্তবাক’ অনুষ্ঠানে করা মন্তব্যকে কেন্দ্র করে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল। তখন বিচারিক বিষয় ও ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক করে ওই আবেদনটি নিস্পত্তি করে ট্রাইব্যুনাল।