অনভিজ্ঞদের আরও সুযোগ দিতে চান ওয়ালশ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:২৬

স্পোর্টস রিপোর্টার

তিন ফাস্ট বোলার মিলে চার টেস্টের অভিজ্ঞতা নিয়ে হ্যামিলটন টেস্ট খেলতে নেমেছিলেন। এর মধ্যে এবাদত হোসেনের আবার ছিল এটা অভিষেক ম্যাচ।

যা হওয়ার তাই হয়েছে- তিন ফাস্ট বোলারের কেউ সেরকম ছাপ রাখতে পারেননি ম্যাচে। তিনজনই হতাশ হয়েছেন এবং হতাশ করেছেন। কিন্তু এত সহজে হতাশ হওয়ার মানুষ নন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তিনি বলছেন, এই অনভিজ্ঞ ফাস্ট বোলারদের আরও সুযোগ দিতে হবে। খেলতে খেলতেই শিখবে তারা। 

এবাদত হোসেনের অভিষেক নিয়ে বলতে গিয়ে ওয়ালশ বলছিলেন। ‘দেশের মাটিতে একেবারেই সুযোগ না পাওয়া এই তরুণের জন্য এটা ভালো শুরু ছিল। তাকে নিয়ে যেরকম সম্ভাবনা দেখেছিলেন দুই বছর আগে, তার কিছুটা দেখছেন বলেই জানান ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। আমাদের ফাস্ট বোলাররা কোনো ম্যাচে সুযোগই পায় না; কখনো আবার একজন খেলার সুযোগ পায়। কিন্তু আমরা যখন ঘরের বাইরে খেলতে আসি, তখন তাদের খেলার দরকার হয়। ফলে এটা তাদের জন্য ভালো একটা সুযোগ। তারা এখানে বুঝতে পারবে যে, কী ঘটছে এবং শিখতে পারবে। আমি বলতে চাই, আমরা তার (এবাদতের) ওপর দুই বছর ধরে বিনিয়োগ করছি। সে ডেভেলপমেন্টের একজন খেলোয়াড় হিসেবে এসেছিল। সেখান থেকে তার এখন টেস্ট অভিষেক হয়ে গেল এখানে। এটা ভালো লক্ষণ।’

এই এক ম্যাচে খারাপ করায় কোনো বোলারকেই ছুড়ে ফেলার পক্ষে নন ওয়ালশ। তিনি বলছেন, ‘শিখতে হলে এই বোলারদের যথেষ্ট খেলার সুযোগ দিতে হবে। তিনি এদের ওপর এই ম্যাচগুলো বিনিয়োগ করতে চান, আসলে আপনাকে তো একজন খেলোয়াড়কে পরপর কিছু ম্যাচে খেলার সুযোগ দিতে হবে। আপনি আজ একটা ম্যাচ খেললেন, আবার অনেকদিন পর একটা ম্যাচ খেললেন, তাহলে আপনি কখনোই বিষয়টা বুঝবেন না এবং কখনোই আপনার উন্নতি হবে না। একটা বা দুটো টেস্ট ম্যাচ এ জন্য যথেষ্ট না। বাংলাদেশে অবশ্য স্পিন-বান্ধব কন্ডিশন হয়। এটা ঠিক যে, এবারো আমরা নতুন একটা পেস বোলিং আক্রমণ নিয়ে এসেছি। আমরা এই তিন চার জনের প্রতি নজর রাখতে চাই এবং দেখতে চাই, কারা কাজটা করতে পারবে। আমরা তাদের ওপর বিনিয়োগ করতে চাই।’

প্রথম টেস্টে বোলারদের পারফরম্যান্সের পক্ষ নিয়ে ওয়ালশ বলছেন, ‘নিউজিল্যান্ড তার মাটিতে খুব ভালো খেলায় বোলারদের কাজটা আরও কঠিন হয়ে গেছে, এটা খুবই অনভিজ্ঞ একটা আক্রমণ বিভাগ। আমরা এখান থেকে দেখার চেষ্টা করবো যে, আমরা কি ভালো করেছি এবং কি খুব ভালো করতে পারিনি। নিউজিল্যান্ড তাদের উঠোনে খেলছে। তারা এই কন্ডিশন ভালো চেনে। আমার মনে হয়, তারা খুব ভালো খেলেছে। আমাদের বোলারদের কাছ থেকে আরেকটু ধৈর্য আশা করা যেন। কিন্তু তারা খুবই অনভিজ্ঞ। আর কখনো কখনো আমরা প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে পছন্দ করি না। আমাদের কখনো কখনো সুযোগ এসেছে। সেটা পুরো কাজে লাগাতে পারিনি আমরা। এটা এমন একটা উইকেট যে, একবার ব্যাটসম্যান সেট হয়ে গেলে, তাকে আউট করা খুব কঠিন।’