ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, মেঘপাল, গন্ধব, আমরাজুরি, গোপালপুর, জয়কুল, ডুমজুড়ি, কাউখালী দক্ষিণ বাজার, উজিয়াল খান, আসপর্দী,বাসস্টান. কচুয়াকাঠী,গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
এসব গ্রামের নিচু এলাকার ঘরবাড়িতে পানি ওঠায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। দুদিনের অব্যাহত জোয়ারের পানি এবং ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার হাজার হাজার মৎস্য চাষি। এছাড়া বসত ভিটায় পানি ওঠায় সাপের উপদ্রব দেখা দিয়েছে। উপজেলার বহু ঘেরের মাছ ভেসে গেছে।
