প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান মারা গেছেন

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ০০:২১

মাল্টি ন্যাশনাল শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 

আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালে নাটোরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আলী কাশেম খান চৌধুরী। আমজাদ খান চৌধুরী শিক্ষা জীবন শুরু করেন ঢাকায়। গ্র্যাজুয়েশন করেন পাকিস্তান মিলিটারি একাডেমি ও অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে।
 

১৯৫৬ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কর্মজীবনে তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরের পর ১৯৮১ সালে তিনি প্রতিষ্ঠা করেন প্রাণ-আরএফএল গ্রুপ।
 

আমজাদ খান চৌধুরী বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যিক সংগঠন রিহ্যাব, বাপা, ইউসেপসহ বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিরও দায়িত্ব পালন করেন। এ ছাড়াও দীর্ঘদিন তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে ব্যবসায়িক সম্প্রদায়ের নেতৃত্বও দিয়েছেন।
 

তার মৃত্যুতে শোক প্রকাশ করে এফবিসিসিআই সভাপতি মাতলুব বলেন, আমজাদ খান চৌধুরী সব সময় নতুন ব্যবসায়ীদের প্রতি সহায়ক হয়ে হাত বাড়িয়ে দিতেন। আমরা ব্যবসায়ী সমাজ নানাভাবে তার কাছে সহায়তা পেয়েছি। তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন।
 

এফবিসিসিআই সভাপতি আরো বলেন, আমজাদ খান চৌধুরী সততা আর নিষ্ঠা নিয়ে ব্যবসা পরিচালনা করে গেছেন। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশিষ্ট এই মানুষটির মৃত্যু আমাদের ব্যবসায়ী সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।
ব্যবসায়িক স্মৃতিচারণ করে মাতলুব আহমাদ বলেন, আমজাদ খান চৌধুরী যখন প্রপার্টির ব্যবসা শুরু করেন সেই সময় আমিও তার গ্রাহক ছিলাম। দেখেছি, তিনি কথা দিয়ে কথা রাখতেন। আমি আমজাদ খান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।