প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে: নাসিম

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ০০:৪১

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের জঙ্গি দমনে শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের মাপকাঠিতেই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়ে দেশের জনগণ এবং শেখ হাসিনাকে সম্মানিত করেছে। দেশ পরিচালনায় ধারাবাহিকতা ও মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলে শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বিএনপি-জামায়াত জোটের অপরাজনীতি না থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যেতো ।

 
বুধবার বিকালে উল্ল­াপাড়ায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালের ফলক উন্মোচন শেষে পূর্ণিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্ল­াপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিরাজুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৪ (উল্ল­াপাড়া) আসনের এমপি তানভীর ইমাম, সাবেক এমপি সফিকুল ইসলাম সফি, উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবীব, আব্দুস সামাদ সরকার, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, আহসান আলী সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে তিনি কাজীপুরের গান্ধাইলে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
 

মন্ত্রী সমাবেশে আরো বলেন, গ্রামের মানুষ এখন ঘরে বসেই উন্নত চিকিত্সার সুযোগ পাবেন। তাদের আর ছোটখাটো অসুখের জন্য শহরে যেতে হবে না। শিশু মৃত্যু, মাতৃৃমৃত্যু হার কমেছে।