অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গিকার মিয়ানমার প্রেসিডেন্টের

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১২:৫০
 
দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন শিন। সাধারণ নির্বাচনের তারিখ ৮ নভেম্বর নির্ধারণের পর তিনি আবারো এ অঙ্গিকার করেন।
 
আশা করা হচ্ছে গত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠেয় এ নির্বাচনে লাখ লাখ লোক ভোট দেবে।
 
বৃহস্পতিবার সরকারি রেডিওতে ভাষণকালে থেইন শিন বলেন, বহু বছরের মধ্যে প্রথম বেসামরিক সরকার হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে এবং আসন্ন সাধারণ নির্বাচন সুষ্ঠু করার বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টার অঙ্গিকার করছি। তবে আশংকা করা হচ্ছে প্রায় অর্ধশতাব্দী সামরিক শাসনে থাকা মায়ানমারের গণতান্ত্রিক উত্তরন হোঁচট খেতে পারে।
 
এদিকে জান্তা প্রণীত সংবিধান অনুযায়ী অং সান সুকির পক্ষে দেশটির প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। এমনকি ৭০ বছর বয়সী নোবেল পুরস্কার জয়ী সুকি নির্বাচনে তার দলের অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি(এনএলডি) বলছে, তারা তাদের দীর্ঘ-প্রতিক্ষীত নীতি নির্ধারণের বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে তারা ব্যাপক জয়ের আশা করছে।

দেশটিতে ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে এনএলডি যুগান্তকারী বিজয় অর্জন করে। কিন্তু জান্তা সরকার তাদের ক্ষমতায় যেতে দেয়নি। উপরন্তু সুকিকে ১৫ বছর গৃহবন্দী করে রাখে। খবর বাসসের।