ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে চট্টগ্রামের একজন জাহাজ ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে রাজধানী থেকে অপহরণ করা হয়েছে। গত ৩ জুলাই দুপুর রাজধানী উত্তরা থেকে তাকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ব্যবসায়ী গিয়াস উদ্দিনের স্ত্রী আফসানা নূর জলি।
আফসানা নূর জলি জানান—তার স্বামী মো. গিয়াস উদ্দিনসহ পরিবারের সবাই চট্টগ্রামের সিতাকুন্ড থানার ছলিমপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী জাহাজ ব্যবসায়ী। ব্যবসায়ীক কাজের জন্য তার স্বামীকে প্রায়ই ঢাকায় যাতায়াত করতে হয়। তিনি ঢাকায় আসলে ৩ জুলাই দুপুর ২টার দিকে রাজধানী উত্তরার ১০ নম্বর সেক্টরের ১ ও ২ নম্বর সড়কের কাছাকাছি স্থান থেকে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে একদল মানুষ তাকে কালো মাইক্রোবাসের উঠিয়ে অপহরণ করে। এরপর তিনি কার স্বামীর কোনো খোঁজ না পেয়ে উত্তরা পশ্চিম থানায় জিডি করতে যান। প্রথমে পুলিশ মামলা না নিলেও তিন দিন পর উত্তরা পশ্চিম থানার ইনচার্জ শাহ আলম মামলা গ্রহণ করেন।
তিনি বলেন—আমার স্বামী একজন ব্যবসায়ী, তিনি ব্যবসার কাজে প্রায়ই ঢাকায় আসা-যাওয়া করেন। তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন। স্বামী ছাড়া বর্তমানে দুই সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন পার করছি। তাকে জীবিত ফেরত পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
