‘সত্ কর্মকর্তাদের এনবিআর সম্পূর্ণ নিরাপত্তা দেবে’

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ২২:১৬
 
 
অসত্ ব্যবসায়ীরা ব্যক্তি পর্যায়ে রাজস্ব আদায়কারী কর্মকর্তাদের হয়রানির পাশাপাশি হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এ সব ব্যবসায়ীদের চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তাদের নিবৃত্ত হওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সত্ কর্মকর্তাদের এনবিআর সম্পূর্ণ নিরাপত্তা দেবে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
 
বৃস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ভ্যাট (মূল্য সংযোজন কর) দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে কর্মকর্তাদের হুমকি দেয়া হচ্ছে। আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে হয়রানি ও প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চলছে।
 
এ সময় তিনি বলেন, ভ্যাট ভোক্তারা দেন। আর ব্যবসায়ীরা তা আমান হিসেবে সংরক্ষণ করেন। তারা ওই অর্থ সঠিক পরিমানে আর স্বচ্ছতার সাথে জমা দিচ্ছেন কি না সেটি দেখা দরকার। এসব ক্ষেত্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতা নেয়া হবে।
 
সরকার ব্যবসা প্রতিষ্ঠানে ইসিআর (ইলেক্ট্রনিক ক্যাশ রেজস্ট্রার) মেশিন ব্যবহার করা হলেও এ প্রক্রিয়ায় ফাঁকি দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আবার সব ব্যবসায়ী প্রতিষ্ঠান ইসিআর মেশিন ব্যবহারও করেন না। এ প্রসঙ্গে এনবিআর চেয়ারমন্যান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান কারসাজির মাধ্যমে এটি নিষ্ক্রিয় করে ফেলে। এসব কারসাজি ধরতে গোয়ান্দা বিভাগকে শক্তিশালী করা হয়েছে। দায়ীরা শাস্তির আওতায় আসবেন।
 
এ সময় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অনাদায়ী রাজস্ব প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানসহ বেশকিছু প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমান বকেয়া দাঁড়িয়েছে। এসব অর্থ আদায়ে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ কয়েকটি প্রতিষ্ঠান সময়মত অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছেন।
 
সংবাদ সম্মেলনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষ্যে এনবিআরের নানামূখী উদ্যোগ তুলে ধরেন তিনি। এ সময় এনবিআর সদস্য এনায়েত হোসেন, মাহবুবুর রহমানসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।