সুজানগরে ভ্যান চালকের লাশ উদ্ধার

আপডেট : ১০ জুলাই ২০১৫, ১১:০৯
পাবনার সুজানগর থানা পুলিশ শাকিল (১৩) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে। 
 
বৃহস্পতিবার রাতের দিকে উপজেলার খলিলপুর স্লুইস গেইটের পার্শ্ববর্তী দইপাড়া এলাকার একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার মানিকহাট গ্রামের দিনমজুর আব্দুল মান্নান শেখের ছেলে। 
 
সুজানগর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শাকিল বুধবার বিকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হওয়ার পর আর ফিরে আসেন নি। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে এলাকাবাসী ওই ডোবায় তার লাশ দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা জড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। তবে সেখানে তার ভ্যান গাড়ি পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে যাত্রী বেশি দুষ্কৃতিকারীরা তার ভ্যান গাড়ি ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রাখে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। 
 
পুলিশ লাশের ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে।