রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৪২

রাঙ্গামাটি প্রতিনিধি

দেশের প্রচলিত আইনের পাশাপাশি পার্বত্য এলাকার পাহাড়িদের ঐতিহ্যগত প্রথাগত আইনগুলোর সমন্বয় ঘটিয়ে তৃণমূল পর্যায়ের মানুষ যাতে বিচার সুবিধা পায় সেই লক্ষ্যে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

সোমবার সকালে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব প্রথাগত আইন প্রচলিত রয়েছে। এ আইনগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ি জাতি-গোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি ও জীবন আচরণের সঙ্গে জড়িত রয়েছে। তাই এ প্রথাগত আইনগুলোর সাথে দেশের অন্যান্য আইনের সমন্বয় ঘটিয়ে মানুষের বিচার পাওয়ার সুবিধা নিশ্চিত করা গেলে মানুষ উপকৃত হবে। রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— রাঙ্গামাটির বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ দলিল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম।