রাজশাহীর পবা উপজেলার চক দর্শনপাড়ায় স্ত্রীর সঙ্গে রাগ করে ছয় বছরের শিশুপুত্রকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে এক পাষণ্ড পিতা। শনিবার ভোরে এই লোমহর্ষক হত্যাকাণ্ডে ঘটনা ঘটে। এ ঘটনার পবা থানা পুলিশ বেলা সাড়ে ১১টায় শিশুর পিতা জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন কিছুদিন আগে তার স্ত্রীর বড় ভাইকে বিদেশ যাওয়ার জন্য আড়াই লাখ টাকা দেন। কিন্তু তিনি নানা কারণে বিদেশ যেতে পারেননি। পরে জসিম উদ্দিন ওই টাকার জন্য স্ত্রী এবং তার ভাইকে চাপ দেন। কিন্তু টাকা দিতে দেরি হওয়ায় জসিম এক সপ্তাহ আগে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তার ছেলে আদনান হোসেন বাবার মায়া ছাড়তে না পেরে তার কাছেই থেকে যায়। শনিবার ভোরে স্ত্রীর সঙ্গে ঝগড়া-ঝাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি ঘুমন্ত ছেলেকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন।
খবর পেয়ে পবা থানা পুলিশ বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল গিয়ে শিশুর ঘাতক পিতা জসিম উদ্দিনকে গ্রেফতার করে এবং শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পবা থানার উপ-পরিদর্শক (এসআই) মোনোয়ার হোসেন জানান, প্রাাথমিক জিজ্ঞাসাবাদে জসিম হত্যাকাণ্ডে কথা স্বীকার করেছেন। এজন্য দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের মা সাকিরা বেগম থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
