‘স্বাস্থ্য-শিক্ষায় কম বরাদ্দ উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে’

আপডেট : ১১ জুলাই ২০১৫, ২২:০৯
                                                                              
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়েছে চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির তুলনায় হ্রাস পেয়েছে। যা সামাজিক উন্নয়নের সূচকগুলোর প্রবণতা নেতিবাচকভাবে প্রভাবিত করার মাধ্যমে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাধা দিতে পারে। এমনিতেই বাংলাদেশে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয়ের পরিমাণ অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় অনেক কম। এদিকে যতটুকু বরাদ্দ দেয়া হয় তার মধ্যে বড় অংশ অনুন্নয়ন ব্যয় মেটাতে ব্যবহূত হয়। ফলে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দের পরিমাণ তুলনামূলক ভাবে অপর্যাপ্ত। তদুপরি সামপ্রতিক সময়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দকৃত বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বাস্তবায়নও অসন্তোষজনক।
 
স্বাস্থ্য ও শিক্ষা খাতের বৈশিষ্ট্যগুলোকে বিবেচনায় নিয়ে প্রতিবেদনে তিনটি প্রধান চ্যালেঞ্জকে চিহ্নিত করে। যা সামাজিক খাতের উন্নয়ন তথা টেকসই মানবসমপদ উন্নয়নের ধারাকে ব্যাহত করতে পারে। চ্যালেঞ্জগুলো হল-অঞ্চল ও লিঙ্গ ভিত্তিক কাঠামোগত আর্থসামাজিক অসমতা, সার্বজনীন সেবা প্রদানে সক্ষমতার অভাব এবং সেবা গ্রহণের ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক অসমতা।
 
পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় যে, ২০১৪-১৫ অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি এবং স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ মোট বাজেটের যথাক্রমে ১৩ দশমিক ১ শতাংশ এবং ৪ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২০১৫-১৬ অর্থবছরে যথাক্রমে ১১ দশমিক ৬ এবং ৪ দশমিক ৩ শতাংশ হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জিডিপির অনুপাতে স্বাস্থ্য খাতে ব্যয়ের ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য উন্নয়নশীল দেশ থেকে পিছিয়ে রয়েছে। ২০১৩ সালে যেখানে বাংলাদেশে স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিমাণ তার জিডিপি'র ৩ দশমিক ৭ শতাংশ সেখানে ভারত, ভিয়েতনাম, নেপাল, কম্বোডিয়া, ও মালদ্বীপে স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিমাণ তাদের নিজ নিজ জিডিপির যথাক্রমে ৪, ৬, ৬, ৭ দশমিক ৫, ও ১০ দশমিক ৮ শতাংশ। আমাদের দেশে স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয়ের পরিমাণ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর তুলনায় অনেক বাংলাদেশে অনেক। বাংলাদেশে স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয়ের পরিমাণ যেখানে মাত্র ৩২ মার্কিন ডলার সেখানে তা ভারত, ভিয়েতনাম, নেপাল, কম্বোডিয়া, ও মালদ্বীপে যথাক্রমে ৬১, ১১১, ৩৯, ৭৬, ও ৭২০ মার্কিন ডলার।
 

এদিকে ২০১৫-১৬ অর্থবছরে স্বাস্থ্য খাতে অনুন্নয়ন ব্যয় ৬৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয় যেখানে বরাদ্দকৃত উন্নয়ন ব্যয়ের পরিমান ৫৩২ কোটি টাকা। একইভাবে শিক্ষা ও প্রযুক্তি খাতে বর্তমান অর্থবছরে অনুন্নয়ন ব্যয় বরাদ্দের পরিমান ২ হাজার ৪ কোটি টাকায় দাঁড়ায় যেখানে উন্নয়ন ব্যয় বরাদ্দের পরিমান মাত্র ১ হাজার ২১২ কোটি টাকা।