সিরাজগঞ্জে এমপিকে কটাক্ষ, ছাত্রলীগ নেতা কারাগারে

আপডেট : ১২ জুলাই ২০১৫, ১৬:৪৩
 
 
 
ফেইসবুকে সংসদ সদস্যকে কটাক্ষ করে মন্তব্য লেখায় সিরাজগঞ্জের বেলকুচিতে রিয়াদ হোসেন (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি ছাত্রলীগ বেলকুচি ডিগ্রি কলেজ শাখার সহসভাপতি। শনিবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার চালা গ্যারেজ থেকে তাকে আটক করা হয়। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
 
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান—রিয়াদ হোসেন তার ফেইসবুক পেইজে সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মজিদ মণ্ডলকে কোকেন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে ৪ জুলাই একটি স্ট্যাটাস পোস্ট করেন। এ নিয়ে ফেইসবুকে আলোচনার ঝড় বয়ে যায়। এরই একপর্যায়ে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে চালা বাসস্ট্যান্ড এলাকা থেকে রিয়াদকে আটক করা হয়। এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
 
এ ছাড়া, রিয়াদের বিরুদ্ধে একটি প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।