ঝালকাঠীর কাঁঠালিয়া থেকে মাসুদ শিকদার (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে পার্শ্ববর্তী শৌলজালিয়া ইউনিয়নের বিষখালী নদীর রঘুয়ার চর থেকে কাটা মাথাটি উদ্ধার করা হয়। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
মাসুদ কাঁঠালিয়া উপজেলা আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পশ্চিম ছিটকির হারুন শিকদারের ছেলে।
আটককৃতরা হলেন-পূর্ব ছিটকি গ্রামের মাহাবুবুর রহমান (৫০),তার ভাই মিলন মাতুব্বর (৩৩) কবির মাতুব্বর ও আওরাবুনিয়া গ্রামের লোকমান খান (২৫)।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে দোকান থেকে বাসার ফেরার পথে নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজ মাসুদের ছোট ভাই মামুন সিকদার রবিবার সকালে কাঁঠালিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। রাতে রঘুয়ার চরে জেলেরা একটি মাথা দেখতে পেয়ে খবর দিলে পরিবারের লোকজন গিয়ে মাসুদকে শনাক্ত করেন।
নিহত মাসুদের স্ত্রী জুলিয়া বেগম ও বোন হাসনা মোস্তারিয়া মালা জানান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে।
কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, উদ্ধার করা মাথা ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঝালকাঠী মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মাসুদের ছোটভাই মামুন বাদী হয়ে নয়জনকে আসামি করে হত্যা মামলা করেছে। তবে তাত্ক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
